![]() |
| ভিক্টোরিয়াস সিক্রেটের ২০২৬ সালের ফ্যাশন শোতে কাইলি জেনারের ছবি |
ভিক্টোরিয়াস সিক্রেটের ২০২৬ সালের ফ্যাশন শোতে এবার সবার চোখ ছিল কাইলি জেনারের দিকে। বিশ্বের সবচেয়ে দামি ‘ফ্যান্টাসি ব্রা’ গায়ে জড়িয়ে র্যাম্পে হেঁটেছেন এই মার্কিন তারকা। পোশাকটির আনুমানিক মূল্য ৫ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ হাজার ১৮২ কোটি ৫০ লাখ টাকা।
কেন কাইলি?
ভিক্টোরিয়াস সিক্রেটের এই ঐতিহ্যবাহী পোশাকের জন্য কাইলিকেই কেন বেছে নেওয়া হলো, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এর জবাব দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান সৃজনশীল কর্মকর্তা অ্যাডাম সেলম্যান। তাঁর মতে, কাইলি শুধু ফ্যাশন বা টেলিভিশনের গণ্ডিতে আটকে নেই। সংস্কৃতি ও বিনোদনের নানা ক্ষেত্রে তাঁর প্রভাব আছে, আর এই বহুমাত্রিক পরিচিতির সঙ্গে ভিক্টোরিয়াস সিক্রেটের জমকালো আয়োজনের চমৎকার মিল রয়েছে।
সেলম্যান বলেন, কাইলি নিজের জন্য এমন একটি আলাদা সাংস্কৃতিক জগৎ গড়ে তুলেছেন, যা খুব কম মানুষই পারেন। বিপুলসংখ্যক অনুসারী এবং জনপ্রিয় সংস্কৃতিতে তাঁর প্রভাবই তাঁকে এই বিশেষ সম্মানের জন্য যোগ্য করেছে। তাঁর মতে, চিরচেনা ‘ফ্যান্টাসি ব্রা’ একজন প্রত্যাশিত মডেলের বদলে কাইলির মতো তারকার মাধ্যমে দর্শকদের সামনে আনলে তা একেবারে নতুন অভিজ্ঞতা হয়ে ওঠে।
কোথায়, কবে?
২০২৬ সালের ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কালভার সিটির সনি পিকচার্স স্টুডিওতে বসেছিল এই ফ্যাশন শো। সেখানেই ২৯ বছর বয়সী কাইলিকে এই বিশেষ পোশাকে র্যাম্পে হাঁটতে দেখা যায়।
হীরায় মোড়া পোশাক
প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত তৈরি সব ফ্যান্টাসি ব্রার মধ্যে এটিই সবচেয়ে দামি। এতে বসানো হয়েছে ৪ হাজার ৪১০টি প্রাকৃতিক হীরা। মাঝখানে জ্বলজ্বল করছে ৭৫.৫৪ ক্যারেটের একটি হলুদ হীরা, যার আনুমানিক দাম ২ কোটি ২০ লাখ ডলার।
তৈরির পেছনের শ্রম
১৫ জন কারুশিল্পী এক হাজার ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করে পোশাকটি তৈরি করেছেন। এর ওজন প্রায় চার পাউন্ডের সামান্য কম। এবারের ফ্যান্টাসি ব্রার নকশা করা হয়েছে বিলাসবহুল গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোংয়ের সঙ্গে যৌথভাবে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জ্যাকব আরাবো।
